রাজধানীর পশ্চিম কাফরুলে সেনা অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা, ১ জানুয়ারি ২০২৬। রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় মোঃ মাহফুজ শিকদার নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দারুসসালাম সেনা ক্যাম্পের একটি অভিযান দল শের ই বাংলা নগর থানা সংশ্লিষ্ট পশ্চিম কাফরুল এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সেনা সদস্যরা তার কাছে থাকা ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ১২ গেজ এক নলা শটগান,৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের ২৭ রাউন্ড পিস্তল গোলাবারুদ, ১৫৭ রাউন্ড শটগানের গোলাবারুদ, ২টি পিস্তলের ম্যাগাজিন, ৪টি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র ও মাদকদ্রব্য অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করে রাখা হয়েছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করার চেষ্টা চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্দেহজনক কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যেকোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর এই অভিযান রাজধানীতে অবৈধ অস্ত্রচক্রের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।



