লোহাগাড়ায় যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী কালা বাবুল গ্রেপ্তার,অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা এলাকায় র্যাব, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বাবুল হোসেন প্রকাশ কালা বাবুলকে দেশীয় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বাবুল হোসেন (৪০) নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৬টা ৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়নের জঙ্গল বড়হাতিয়া নতুন পাড়া এলাকায় তার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।
অভিযানে বাবুল হোসেন প্রকাশ কালা বাবুল (পিতা: ইউনুস মিয়া)–কে একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি একনালা বন্ধুক, দুটি ১২ বোর শটগানের লিডবল কার্তুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রামের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



