খুলশীতে বন্দুকধারী সন্ত্রাসী ফরহাদ গ্রেফতার, এলাকায় স্বস্তির নিশ্বাস

মুহাম্মদ জুবাইর
সিএমপি’র খুলশী পুলিশের অভিযান সফল,দেশীয় একনলা বন্দুক ও কার্তুজসহ সন্ত্রাসী আটক
চট্টগ্রামের খুলশী থানার পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরী বন্দুক ও কার্তুজসহ মোঃ ফরহাদ নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছেন।খুলশী থানা পুলিশের স্পেশাল-৩৩ (নাইট) ডিউটির সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ঝাউতলা বাজার সংলগ্ন রেল স্টেশন টিকেট কাউন্টারের দক্ষিণ পাশে জিন্নাতের ওয়ার্কশপের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই মোহাম্মদ লোকমান হোসেন,কনস্টেবল সাইফুল ইসলাম ও কনস্টেবল মোঃ ইসমাইল হোসেন সফলভাবে ২৭ বছর বয়সী মোঃ ফরহাদকে আটক করতে সক্ষম হন। ধৃত আসামী ফরহাদের বাড়ি মুরাদপুর, অম্বরপুর, থানাঃ চান্দিনা, জেলা কুমিল্লা।
পুলিশ ফরহাদের দখল থেকে ১টি কালো রঙের স্টীলের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক,১টি লাল রঙের কার্তুজ যার পিছনে ELEY-12-12 ELEY লেখা রয়েছে, এবং ১টি সবুজ রঙের খালি কার্তুজ যার পিছনে RIOAMMO-12 GA লেখা আছে, উদ্ধার করেন। বন্দুকের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য ১৮ ইঞ্চি এবং এতে ফায়ারিং পিন, ট্রিগার ও হামার সংযুক্ত রয়েছে। এছাড়া পুলিশের হাতে আসামী মোঃ ফরহাদকে আটক করার সঙ্গে সঙ্গে এফআইআর নং-৯, তারিখ-০৮ ফেব্রুয়ারি ২০২৬ ধারা-19A/19(f), The Arms Act,1878 রুজু করা হয়।
সিডিএমএস পর্যালোচনা অনুযায়ী ধৃত মোঃ ফরহাদ ১। খুলশী থানার মামলা নং-১৫, তারিখ-৩১/০১/২০২৫, ধারা-৬(২)/৮/৯/১০/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯; ২। মামলা নং-১১/১৬২,তারিখ-১২/০৫/২১,ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; ৩। মামলা নং-১২/১৬৩, তারিখ-১২/০৫/২১, ধারা-১৪৩/১৮৬/২২৪/২২৫/৩৫৩ পেনাল কোড-১৮৬০; ৪। মামলা নং-১৭/২১৭, তারিখ-১৫/০৮/১৮, ধারা-১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ৫। মামলা নং-৩/০৩, তারিখ-০৫/০১/২০, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত রয়েছে।
ফরহাদ খুলশী এলাকায় চাঁদাবাজি,দখলবাজি ও নানান অপরাধে আতঙ্ক সৃষ্টি করতেন।তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণ আনন্দ প্রকাশ করেছেন। এলাকাবাসী আশা করছেন এর মাধ্যমে এলাকায় আইন শৃঙ্খলা আরও দৃঢ় হবে এবং সাধারণ মানুষ নিরাপদ বোধ করবেন।



