চট্টগ্রামে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার একটি আবাসিক হোটেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধনী অধ্যাদেশ ২০২৫)অনুযায়ী কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী দেলোয়ারা বেগম (৪০) বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকায় বসবাস করেন। অভিযুক্ত জুয়েল দাশ (৪৩), পিতা অমরেন্দ্র নাথ দাশ, কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়,চট্টগ্রাম আদালত এলাকায় পরিচয়ের পর মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় শুরুতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও অভিযুক্ত ব্যক্তি ধর্মান্তরিত হয়ে বিয়ে করবেন এমন আশ্বাস দিলে ভুক্তভোগী তার কথায় বিশ্বাস স্থাপন করেন।
অভিযোগ অনুযায়ী,গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে অভিযুক্ত তাকে নন্দনকাননের একটি আবাসিক হোটেলের সপ্তম তলার কক্ষে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ে করতে চাপ দিলে অভিযুক্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন জানান,ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করে মামলা নথিভুক্ত করা হয়েছে।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে অভিযুক্ত জুয়েল দাশের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।



