তেঁতুলিয়ায় টিআর কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট মানা হচ্ছেনা প্রকৌশলী নিয়ম

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদে রাস্তার সোলিং করণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট, মানছেন না প্রকৌশলী নিয়ম। দেখার যেন কেউ নেই।
রাস্তার অভিযোগের ভিত্তিতে গত রোববার ও বুধবার (১ ও ৪ ফেব্রুয়ারি) উপজেলার ওই ইউনিয়ন পরিষদের মাঝগ্রাম নামক গ্রামে বাস্তবতা জানতে সরেজমিনে যাওয়া হয়। সরেজমিনে গেলে মাঝগ্রামের ‘মাঝগ্রাম তরিফ উদ্দিনের বাড়ী হইতে রসিদুলের বাড়ী পর্যন্ত রাস্তা ইট সোলিং করণ’ প্রকল্পে নি¤œমানের ইট দিয়ে কাজের এই দৃশ্য চোখে পড়ে। এছাড়া ফ্ল্যাট সোলিং রাস্তার প্রস্থের দিকে না বিছিয়ে লম্বালম্বিভাবে বিছানো হয়েছে দেখা যায়।
জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ১ম পর্যায় প্রকল্পের আওতায় মাঝগ্রাম তরিফ উদ্দিনের বাড়ী হইতে রসিদুলের বাড়ী পর্যন্ত রাস্তা ইট সোলিং করণ প্রকল্পের জন্য ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। এতে প্রকল্প সভাপতি হোন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোজাফফর হোসেন।
মাঝগ্রামের স্থানীয় ব্যক্তিরা জানান, রাস্তা দখল করে টিনের বেড়া ও সুপারিগাছ রোপনের একটি অভিযোগ করেছেন নজরুল মাস্টার। এদিকে রাস্তায় দুই তিন নম্বর ইট দিয়ে কাজ চলছে, এই ইট দিয়ে কাজ চলবে না তাই রাস্তার কাজ বন্ধ আছে। মাঝগ্রামের রাস্তা দখল নিয়ে অভিযোগকারী আলহাজ্ব মো. নজরুল ইসলাম বলেন, তিনি মাঝগ্রামের রাস্তার ওপর সুপারি গাছ ও টিনের বেড়া দেওয়ার বিষয়ে গত ২০২০ সালের ২৬ আগস্ট তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি অভিযোগ করেন। অভিযোগের পর সহকারী কমিশনার বেড়া সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেও কিছুদিন পর ব্রỏতল গ্রামের বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালীন আবারো রাস্তার জায়গা দখল করে নেয়। পরবর্তীতে ওই রাস্তার সরকারি প্রকল্পের কাজ চললে তারা পুনরায় চলতি বছরের জানুয়ারি মাসের ২৭ তারিখে চার জনকে বিবাদী করে ইউএনও বরাবরে আরেকটি অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযোগটি সহকারী কমিশনার (ভূমি) কে দেখার জন্য বলেন। এরপর সহকারী কমিশনার ওই ইউনিয়নের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে সরেজমিনে বিষয়টি দেখার নির্দেশ প্রদান করলে সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হয়। পরিমাপ করে টিনের বেড়া থেকে আরও প্রায় ৬/৭ ফুট জায়গা পাওয়া যাচ্ছে বলেন তিনি। এখন ইউপি সদস্য এখানে ৯ফুটের জায়গায় ৮ফুট রাস্তা সোলিং করবে এমনটি জানিয়েছেন। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে সেগুলো দুই তিন নম্বর আপনারা (সাংবাদিকগণ) বিষয়টি দেখবেন।
এ বিষয়ে জানতে নজরুল ইসলামের অভিযোগে বর্ণিত বিবাদী শামসুদ্দিনকে মুঠোফোনে কর করলে তিনি বলেন, তহসিলদার এসে দেখছেন রিপোর্ট নিয়ে গেছেন, যেভাবে আছে সেভাবে কাজ করার নির্দেশ দিয়ে গেছেন। ওটার কোনো সাক্ষাৎকার নাই।
ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তিনি সরেজমিনে গিয়ে উভয়পক্ষকে ডেকে নেন। আরএস ট্রেসিং ম্যাপ দিয়ে পরিমাপ করলে অভিযোগকারীর বর্ণনামতে টিনের বেড়া থেকে ভিতরে রাস্তার জমি পাওয়া যাচ্ছে। তবে আরএস রেকর্ড চুড়ান্ত না হওয়ায় এখন কোনো কিছু করা যাচ্ছে না। তাই রাস্তাটির কাজ যেন হয় ইউপি সদস্যের উপস্থিতিতে উভয় পক্ষকে বলা হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য মোজাফফর হোসেন গত রোববার বলেন, প্রকল্পের রাস্তা নিয়ে নজরুল মাস্টার একটি অভিযোগ করেছেন তাই আপাতত রাস্তার কাজ বন্ধ রাখছেন। ইটের মান নিম্নমানের তাই এলাকাবাসী কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এলাকাবাসী নয় কয়েকটি পরিবার এবং কয়েকজন লোক ইট ভালো না, এই ইট দিয়ে কাজ চলবে না বলে বেড়াচ্ছে। পনেরো পারসেন্ট ভ্যাট দিয়ে এই টাকায় কি কাজ করবো। যা করছি তাই যথেষ্ট হচ্ছে।’ তিনি আরও বলেন, যে ইট তিনি নিয়ে আসছেন সেই ইট বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের কাজেও নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, রাস্তার অভিযোগের বিষয়টির কারণেই এসব হচ্ছে।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ মুঠোফোনে বলেন, ওই প্রকল্পের কাজ বন্ধ ছিল। কাজ হচ্ছে আপনার (প্রতিবেদকের) কাছ থেকে (৫ ফ্রেব্রুয়ারি) জানতে পারলেন। তিনি বলেন, ইটের মান খারাপ ছিল তাই ওই ইট দিয়ে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। ইউপি সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছিল তিনি ওই ইট পরিবর্তন করে নতুন ভালো মানের ইট নিয়ে এসে অফিসকে অবগত করার পর কাজ করবেন। সেখানে রাস্তা নিয়েও একটি অভিযোগ রয়েছে। ইউপি সদস্য কেন ওই ইট দিয়ে কাজ শুরু করছেন তার কাছ থেকে জেনে কাজটি বন্ধের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। রাস্তায় সোলিং এর কাজে ইট লম্বালম্বি বিছানোর বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, লম্বালম্বিভাবে ইট বিছানোর কোনো প্রশ্নই আসেনা। আপনার (প্রতিবেদক) কাছে ছবি থাকলে দিয়েন তারও ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ বলেন, বিষয়টি দেখার জন্য তিনি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। যদি পরিমাপ করে টিনের বেড়ার ভিতরে রাস্তার জমি থেকে থাকে তবে অপসারণ করে জমি উদ্ধার করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, সামনে নির্বাচন হওয়ায় সরেজমিনে যাওয়ার তেমন সময় পাচ্ছেন না। তিনি এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানাতে বলেন। প্রকল্পের কোনো অনিয়ম হয়ে থাকলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ব্যবস্থা নিবেন।



