নির্বাচনরাজনীতি

আগে মাকে ভালোবাসতে শিখুন, তবেই দেশকে ভালোবাসতে পারবেন: লাকসামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মোঃ খোরশেদ আলম

দেশকে ভালোবাসার আগে নিজের মাকে ভালোবাসার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগে আপনি আপনার মাকে ভালোবাসতে শিখুন, তাহলেই দেশকে ভালোবাসতে পারবেন। যারা নিজের মাকে সম্মান করতে পারে না, তারা বিশেষ করে ‘মা’ জাতিকে এবং গোটা দেশকে কীভাবে সম্মান করবে? মনে রাখবেন, আমাদের জীবনের চেয়েও আমাদের মায়ের ইজ্জতের মূল্য অনেক বেশি।”

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সারাদেশে আজ ন্যায় ও ইনসাফের পক্ষে, দেশ পরিবর্তনের পক্ষে এবং বস্তাপচা রাজনীতির বিরুদ্ধে স্রোত তৈরি হয়েছে। দুর্নীতি, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং মা-বোনদের ইজ্জত হরণকারীদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। এই জাগরণ দেখে কিছু মানুষের মাথা গরম হয়ে গেছে। তবে ওইসব লোক দিয়ে দেশ গড়া সম্ভব নয়।”

যুবসমাজের ভূমিকার প্রশংসা করে জামায়াত আমির বলেন, “বাংলাদেশের যুবকরা রায় দিয়ে জানিয়ে দিয়েছে যে, তারা ন্যায় ও ইনসাফের সাথে আছে। যারা সংস্কার চায়, আমরা তাদের সাথে আছি। কেউ যদি আমাদের মায়ের ইজ্জতের ওপর হাত দেয়, তবে আমরা কাউকে ছাড় দেব না।”

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে। একটি সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট এবং অপরটি দেশ পরিবর্তনের ভোট। ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামী। ভোটের বুথে ঢুকে শক্ত করে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কারণ ‘হ্যাঁ’ জিতে গেলে বাংলাদেশ জিতবে, ফাসিবাদ আর ফিরে আসবে না এবং দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কবর রচিত হবে। আর দ্বিতীয় ভোটটি হলো ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায়।”

সমাবেশে তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ছৈয়দ একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকির হাতে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন এবং তাকে এলাকাবাসীর সাথে পরিচয় করিয়ে দেন।

ড. ছৈয়দ একেএম সরোয়ার উদ্দিন ছিদ্দিকির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম, ডাকসু ভিপি সাদেক কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মূখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা-১০ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ইয়াসির আরাফাত।

জনসভা বাস্তবায়নে সমন্বয় করেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা জামায়াতের আমির ও দাঁড়িপাল্লার প্রধান নির্বাচন পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button