আইন-শৃঙ্খলাদুর্নীতিপ্রশাসন

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন: কুমিল্লার ট্রাফিক পরিদর্শক জিয়াউল ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদকঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং দুদকে দাখিলকৃত নথিতে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে কুমিল্লার ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল চৌধুরী টিপু ও তার স্ত্রী ফারজানা হোসেন রিয়া-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ফজলুল হক।

দুদক কুমিল্লা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. ইমরান খান বাদী হয়ে এই মামলাটি রুজু করেন।
ভুয়া হলফনামা ও তথ্য গোপনের অভিযোগ মামলার এজাহার সূত্রে জানা গেছে, জিয়াউল চৌধুরী টিপু তার সম্পদ বিবরণীতে প্রকৃত সম্পদের তথ্য গোপন করে ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন।

এছাড়া অবৈধভাবে অর্জিত অর্থের উৎস বৈধ দেখাতে তিনি ভুয়া হলফনামা তৈরি করে তা প্রকৃত দলিল হিসেবে ব্যবহারের চেষ্টা করেন। তদন্তে আরও দেখা গেছে, তিনি নিজের অপরাধ আড়াল করতে মূল হলফনামাগুলো অসৎ উদ্দেশ্যে বিনষ্ট করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইনে গুরুতর অপরাধ।

২৩ লাখ টাকার অবৈধ সম্পদ দুদকের দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, এই পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী যৌথভাবে ২৩ লাখ ৯২ হাজার ৮৬৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা বর্তমানে তাদের ভোগদখলে রয়েছে। এই সম্পদের কোনো বৈধ আয়ের উৎস তারা প্রদর্শন করতে পারেননি। উল্লেখ্য, জিয়াউল চৌধুরী টিপু এর আগে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনের ভাবমূর্তি ও চলমান পরিস্থিতি সাম্প্রতিক সময়ে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এমন পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ের একজন পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের এই কঠোর অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযানের অংশ হিসেবেই দেখছেন সচেতন মহল।

এ বিষয়ে অভিযুক্ত জিয়াউল চৌধুরী টিপুর বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button