
নিজস্ব প্রতিবেদকঃ আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথ পাঠ করান এবং সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা অনুষ্ঠান পরিচালনা করেন।
সকাল ৯টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
সংসদ ভবনের গেটে প্রবেশের সময় নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শেষে দ্রুততম সময়ের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। আজ বিকেলে বঙ্গভবনে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রীত্বের শপথবাক্য পাঠ করবেন তারেক রহমান।



