নির্বাচনপ্রশাসনরাজনীতি

নুরুল হক নুর প্রতিমন্ত্রী হচ্ছেন, বিকেলে শপথ

নিজস্ব প্রতিবেদকঃ গণঅধিকার পরিষদ-এর সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন।তিনি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন।

তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে বলে জানা যায়। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ‘নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’

নুর জাতীয় রাজনীতিতে পরিচিতি পান ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মাধ্যমে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি কোটা সংস্কার আন্দোলনের নেতা হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন-কে পরাজিত করে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন।এরপর থেকেই তিনি ‘ভিপি নুর’ নামে পরিচিতি পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।এখানে তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী ও ছাত্রদলের সাবেক নেতা হাসান মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী মো. শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মু. আবু বক্কর ছিদ্দিকীকে পরাজিত করেন। ফলে ‘ভিপি নুর’ এখন ‘এমপি নুর’ হিসেবে সংসদে যাচ্ছেন।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নুর ও তার দল সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি শেখ হাসিনা-র শাসনামলে একাধিকবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হন। অন্তর্বর্তী সরকারের সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তার ওপর হামলার অভিযোগ ওঠে।

সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রার্থী ট্রাক প্রতীকে অংশ নেন। এর মধ্যে নুর ছিলেন বিএনপি জোটের প্রার্থী। সারাদেশে ট্রাক প্রতীক মোট প্রদত্ত ভোটের শূন্য দশমিক ৩৩ শতাংশ ভোট পায়।

নির্বাচনে জয়ের পর সম্প্রতি এলাকার উন্নয়ন পরিকল্পনা, দলীয় অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে গণমাধ্যমে কথা বলেন নুর। একই সঙ্গে মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনার বিষয়েও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।এবার সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিচ্ছে। প্রতিমন্ত্রী হিসেবে শপথের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তার নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button