অভিযানআইন-শৃঙ্খলা

নগরীতে গভীর রাতে ছাত্রলীগের সংগঠক বাচ্চু গ্রেফতার

মুহাম্মদ জুবাইর

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগ সংগঠক গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির পরিকল্পনা, হামলার মামলায় সম্পৃক্ততার অভিযোগ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন লালদীঘী পাড় এলাকায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর সংগঠক কায়েদে আজম বাচ্চু (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫৫ মিনিটের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে লালদীঘী পাড়স্থ বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়,সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে একটি কর্মসূচি পালনের পরিকল্পনা করা হচ্ছিল।এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যরা এলাকায় নজরদারি বৃদ্ধি করে।পরে নিশ্চিত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে কায়েদে আজম বাচ্চুকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,গ্রেফতারকৃত আসামি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার ছাত্রলীগের সংগঠক হিসেবে সক্রিয় ছিলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।বিষয়টি অধিকতর তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়,কায়েদে আজম বাচ্চুর বিরুদ্ধে লোহাগাড়া থানায় তিনটি মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে হামলা ও নাশকতার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার হয়নি।

অভিযানের পর দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে কোতোয়ালি থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং সংশ্লিষ্ট অন্যান্যদের শনাক্তে কাজ চলছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।পুলিশ বলছে, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক তৎপরতা কঠোরভাবে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button