সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষা চালুর আহ্বান: যশোরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে শুদ্ধ বাংলা ভাষার চর্চা ও প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
২১ ফেব্রুয়ারি সকালে ইফা যশোর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপপরিচালক বিল্লাল বিন কাশেম।
সভাপতির বক্তব্যে বিল্লাল বিন কাশেম বলেন, ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালে যারা ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগের ফলেই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি। এসময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ভাষার অপব্যবহার ও অযথা বিদেশি শব্দের আধিক্য রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমএম কলেজের সাবেক বিভাগীয় প্রধান ও যশোর বোর্ড স্কুলের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মার প্রকাশ। প্রযুক্তিনির্ভর এই যুগে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের গবেষণা, অনুবাদ ও সৃজনশীল লেখালেখিতে এগিয়ে আসতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে ইউসিবিএল ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান ফকির আকতারুল আলম বলেন, মাতৃভাষার প্রতি ভালোবাসা মানেই দেশের প্রতি ভালোবাসা। একুশের চেতনা আমাদের সত্য ও ন্যায়ের পথে অটল থাকতে শেখায়। তিনি পরিবার থেকেই শিশুদের মাঝে শুদ্ধ ভাষা চর্চার অভ্যাস এবং বই পড়ার আগ্রহ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা শেষে ৫২-এর ভাষা শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈনুদ্দিন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাতৃভাষা দিবসের তাৎপর্য কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে শুদ্ধ বাংলা প্রয়োগের মাধ্যমেই একুশের প্রকৃত চেতনা ধারণ করতে হবে বলে বক্তারা একমত পোষণ করেন।



