পার্বত্য চট্টগ্রামে শান্তি ও বাজারদর নিয়ন্ত্রণে ডিসি-এসপিদের ‘জিরো টলারেন্স’ নির্দেশ পার্বত্য মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন পবিত্র রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষা, বাজারদর নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বিশেষ নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাঁর নিজ দপ্তর থেকে তিন জেলার শীর্ষ কর্মকর্তাদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এই নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা ও বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান
ফোনালাপে মন্ত্রী পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়ে তিনি বলেন, বাজারদর নিয়ন্ত্রণে কোনো শিথিলতা দেখানো যাবে না। এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
ভূমি বিরোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। ভূমি সংক্রান্ত স্পর্শকাতর বিষয়গুলো অত্যন্ত বিচক্ষণতার সাথে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সমাধানের পরামর্শ দেন তিনি। কোনো পক্ষই যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়।
দুর্নীতি ও ভূমি দস্যুদের বিরুদ্ধে হুঁশিয়ারি
পার্বত্য এলাকায় দুর্নীতি ও ভূমি দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন,
“তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে এদের চিহ্নিত করতে হবে।”
উন্নয়ন ও জনসেবায় গুরুত্বারোপ
বান্দরবানের লামায় সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পার্বত্য এলাকায় সর্বোচ্চ চারা রোপণ এবং পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মসূচি সফল করতে শিক্ষা, স্বাস্থ্য, সুপেয় পানি ও যুব উন্নয়নের বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তদারকি করার জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দিয়ে ফোনালাপ শেষ করেন মন্ত্রী।



