হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালীর হাতিয়ায় এমপি হান্নান মাসউদের হামলা, এলাকায় উত্তেজনা
নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়,সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে এবং এলাকা পরিদর্শনে যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে এমপি ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে বলে জানিয়েছে।
এমপি হান্নান মাসউদ বলেন, “বেলাল মাঝিকে গ্রেপ্তার করা না পর্যন্ত আমি এখান থেকে অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।”
তবে অভিযুক্ত বেলাল মাঝির বক্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, “আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।


