আশুলিয়ায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে শর্টসার্কিটে নিহত

মোস্তফা কামাল মজুমদার
ঢাকার আশুলিয়া এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে শর্টসার্কিটে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় নীট এশিয়া কারখানার পাশেই এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ ফরিদ (কালন) (৩৫)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরখানী থানার বালিপাড়া গ্রামের আনোয়ারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তার তিন মেয়ে ও এক শিশু ছেলে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে কারখানার পাশের বৈদ্যুতিক লাইন থেকে তার চুরি করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়। এ বিষয়ে এসআই মাহমুদুল জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



