গভীর রাতে ডিবি দক্ষিণের অভিযান, সিএনজিতে মিলল ১৪ কেজি গাঁজা

মুহাম্মদ জুবাইর
দেওয়ানহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান,চালকসহ উদ্ধার সিএনজি
মহানগরীতে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় ডিবি দক্ষিণ বিভাগের টিম ১ এর সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ এক আসামীকে গ্রেফতার করেছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা উদ্ধার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানা এলাকার দেওয়ানহাট আকবরশাহ মাজার সংলগ্ন পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন চট্টগ্রাম মেট্রো থ ১৩ ৩৭৮৬ নম্বরের একটি সিএনজি চালিত অটোরিক্সাকে থামানোর সংকেত দেওয়া হয়।গাড়িটি থামিয়ে তল্লাশি চালালে সিএনজির পেছনের যাত্রী আসনে রাখা একটি খাকী কাগজের কার্টন উদ্ধার করা হয়।
কার্টনের ভেতর খাকী রঙের গামটেপ দিয়ে মোড়ানো ৭টি পৃথক পুটলি পাওয়া যায়। পুটলিগুলো খুলে দেখা যায়, সেগুলোর ভেতরে মোট ১৪ কেজি গাঁজা রয়েছে।
ঘটনাস্থলেই মাদকদ্রব্য জব্দ করে সিএনজি চালক মো ছবির ৩৮ কে গ্রেফতার করা হয়। তার পিতা মৃত জামসেদ। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার বাতাগাছি এলাকায়। বর্তমানে তিনি নগরীর ধনিয়ালা পাড়ার ছোট মসজিদ গলি এলাকায় বসবাস করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত এবং বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাচ্ছিলেন। তবে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ধারণা করছে, এর পেছনে একটি সংঘবদ্ধ মাদক চক্র সক্রিয় রয়েছে।
এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা নং ২০, তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি., ধারা ৩৬ ১ এর সারণি ১৯ খ ৩৮ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এ মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, মহানগরীতে মাদক প্রবেশ ও সরবরাহ রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে সড়কপথে মাদক পরিবহন ঠেকাতে নিয়মিত চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



