ট্রাফিক সহায়তাকারীদের চুক্তি শেষ আজ

নিজস্ব প্রতিবেদকঃ বাজেট পুনর্বিন্যাস ভাবনায় সরকার, ট্রাফিক সহায়তাকারীদের ভবিষ্যৎ ঝুলে রইল
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়োজিত ট্রাফিক সহায়তাকারী সদস্যদের কার্যক্রম চালু থাকবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। চলতি ফেব্রুয়ারির ২৮ তারিখে তাদের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে নতুন করে চুক্তি নবায়ন হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।
জানা গেছে, বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো নির্দেশনা মেলেনি। ফলে নির্ধারিত সময়ের পর রাজধানীর সড়কে এসব সহায়তাকারী সদস্যরা দায়িত্ব পালন করবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে বর্তমানে প্রায় এক হাজার ট্রাফিক সহায়তাকারী সদস্য দায়িত্ব পালন করছেন।তারা প্রতিদিন দুই শিফটে ছয় ঘণ্টা করে ডিউটি করেন এবং দৈনিক ৫০০ টাকা ভাতা পান। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ,সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল।
বিশ্বস্ত সূত্র জানায়, কয়েকজন সহায়তাকারী সদস্যের বিরুদ্ধে সিএনজি ও অন্যান্য পরিবহন চালকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ ওঠে। ডিএমপির অভ্যন্তরীণ তদন্তে কিছু অভিযোগের প্রমাণও পাওয়া গেছে বলে জানা যায়।পাশাপাশি তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা রয়েছে।এসব বিষয় বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি পুনর্মূল্যায়ন করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়লে ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের ট্রাফিক সহায়তাকারী হিসেবে যুক্ত করা হয়। প্রথম পর্যায়ে ২৯১ জন শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তীতে এ সংখ্যা বেড়ে প্রায় এক হাজারে দাঁড়ায়।
রাজধানীবাসীকে সচেতন করতে ওই বছরের ২১ অক্টোবর থেকে ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে ‘ট্রাফিক পক্ষ’ কর্মসূচি চালু করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সহায়তাকারী সদস্যরা সপ্তাহে টানা ছয় দিন সড়কে দায়িত্ব পালন করে যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে তাদের চুক্তির মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও এবার সময় শেষ হওয়ার মুখে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সহায়তাকারীদের জন্য বরাদ্দ বাজেট ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সদস্য নিয়োগের বিষয়েও সরকার ভাবছে। সে ক্ষেত্রে চুক্তির মেয়াদ আর বাড়ানো নাও হতে পারে।
ডিএমপির ট্রাফিক বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চুক্তির মেয়াদ শেষ হচ্ছে শনিবার। এক্সটেনশন বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ফলে ২৮ তারিখের পর রাজধানীর সড়কে ট্রাফিক সহায়তাকারীরা থাকবেন কি না, তা নির্ভর করছে সরকারের পরবর্তী নির্দেশনার ওপর।



