অপরাধ দমনে দলীয় নেতাকর্মীদেরও ছাড় নয়: পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: অপরাধ দমনে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। অপরাধের সাথে জড়িত থাকলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এমনকি নিজ দলের নেতাকর্মী হলেও তাকে আইনের আওতায় আনা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
রবিবার (৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মীর হেলাল বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দলীয় পরিচয়ের চেয়ে অপরাধীকে আইনের আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”
বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করে বলেন, চট্টগ্রামে দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তিনি এটিকে প্রশাসন ও সরকারের সম্মিলিত সফলতা বলে উল্লেখ করেন। এছাড়া, পবিত্র ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ কমাতে সরকার সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।
সবশেষে একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে সরকারের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরে মীর হেলাল বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



