আকবর শাহ থানার অভিজান ১২ ঘণ্টার মধ্যে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

মুহাম্মদ জুবাইর
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)আকবর শাহ থানা পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।এ সময় তার কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১০ মার্চ আকবর শাহ থানায় একটি মোটরসাইকেল চুরির ঘটনায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আকবর শাহ থানার একটি চৌকস আভিযানিক দল মাঠে নামে। তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, চুরি হওয়া মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়ে যাওয়া হয়েছে।
এরপর অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বাসুদেব ইউনিয়নের ভাতশালা গ্রামের পাইকপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. সাব্বির হোসেন (২২) কে গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার রাধানগর এলাকার মৃত নোয়াব মিয়ার ছেলে এবং মা হনুফা বেগম।
গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে চুরি হওয়া একটি ইয়ামাহা FZ V2 মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, তিনি একটি সক্রিয় চোর চক্রের সদস্য এবং চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অন্য জেলায় নিয়ে বিক্রি করার সঙ্গে জড়িত থাকতে পারেন।
পুলিশ আরও জানায়, চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে মোটরসাইকেল চুরি প্রতিরোধে পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।
আকবর শাহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



