ফেনীতে বিজিবির যৌথ অভিযানে ভারতীয় আতশবাজি জব্দ

নিজস্ব প্রতিবেদকঃ পিকআপ ভ্যানসহ চালক আটক, দোকানের মালিক পলাতক ফেনী জেলার সদর উপজেলাধীন আন্দিপুকুর ও জামান রোড বড় বাজার এলাকায় ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এক বিশেষ যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি এবং একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
সোমবার (৯ মার্চ) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে ২২,৮৫৬ পিস ভারতীয় আতশবাজি এবং এসব মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লক্ষ ৮৪ হাজার ৫৬০ টাকা। উদ্ধারকৃত মালামাল ও পিকআপসহ চালককে আটক করা হয়েছে, আর দোকানের মালিককে পলাতক আসামি করে প্রয়োজনীয় নথিপত্রসহ ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে। তিনি আরও উল্লেখ করেন, যেকোনো ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি এবং জিরো টলারেন্স অবস্থান সবসময় বজায় থাকবে।



