মাদক রুখতে কড়া প্রশাসন: গৌরনদীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা

এস এম নজরুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের গৌরনদী উপজেলায় মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য কড়া নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। নতুন এই নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাইরে কোনো ধরনের আড্ডা দিতে পারবে না।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কিশোর ও তরুণদের মধ্যে আড্ডার আড়ালে মাদক সেবন এবং নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ আসছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিস্তারিত আলোচনা হয়। পরে শিক্ষার্থীদের সুরক্ষা এবং এলাকায় একটি মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বসম্মতিক্রমে সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা বন্ধের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নতুন এই নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, সন্ধ্যার পর কোনো স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীকে রাস্তার মোড়, হোটেল-রেস্তোরাঁ, পার্ক কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে আড্ডারত অবস্থায় পাওয়া গেলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অপরাধের অন্ধকার থেকে দূরে রাখতেই প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে। এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল ও তদারকি চালাবে।”
প্রশাসনের এই উদ্যোগ সফল করতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। সন্তানেরা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে ঘোরাফেরা বা আড্ডা না দিয়ে বাড়িতে নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেয়, সে বিষয়ে অভিভাবকদের কড়া নজরদারি রাখতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে এই উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।



