অপরাধ
রাউজানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন রাগওয়ান এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, রাউজান উপজেলার ১৪ নম্বর রাগওয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাচকিন গ্রাম এলাকায় জনৈক রুবেলের বসতবাড়ির সংলগ্ন ঝোপে একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ পড়ে আছে।
এই তথ্যের ভিত্তিতে বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ৫ মিনিটে র্যাব-৭ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান এবং একটি ১২ বোর কার্তুজ উদ্ধার করে জব্দ করে।
র্যাব-৭ জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



