
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম–১৩ আসনের (আনোয়ারা–কর্ণফুলী) মোমবাতি প্রতীকের প্রার্থী এস এম শাহজান ভোটারদের প্রতি মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত ইশতেহার তুলে ধরে এক সংবাদ সম্মেলন করেছেন।
৯ ফেব্রুয়ারি (রোববার) বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী টানেল মোড়স্থ মমতাজ কনভেনশন হলে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে একটি দলের নেতারা এলাকাবাসী ও তাদের নেতাকর্মীদের পাশে ছিলেন না। এমনকি করোনার মতো ভয়াবহ দুর্যোগের সময়ও জনগণ কাউকে পাশে পায়নি।
অন্যদিকে আরেকটি দল মুখে মধু আর অন্তরে বিষ নিয়ে রাজনীতি করছে। সুতরাং এই দুই পক্ষ থেকেই সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, করোনার বিপদে কিংবা যেকোনো দুর্দিনে আমরা জনগণের পাশে ছিলাম। আমরা ছিলাম, আছি এবং থাকব। জনগণের প্রকৃত কল্যাণের জন্য মোমবাতি প্রতীকে ভোট দিন।
সংবাদ সম্মেলনে এস এম শাহজান আরও বলেন, তিনি সংখ্যালঘু সংখ্যাগুরু বিভাজনে বিশ্বাস করেন না। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করে ভালোবাসা ও সম্প্রীতির বাংলাদেশ গড়াই তাঁর লক্ষ্য। আল্লাহ তাঁকে সফলতা দিলে পীর আউলিয়াদের স্মৃতিবিজড়িত মাজারকেন্দ্রিক একটি ইসলামী কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি বলেন, আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সঙ্গে তিনি প্রায় চার দশক ধরে মিলেমিশে কাজ করে আসছেন। এবার এখানকার মানুষ অর্থবহ পরিবর্তন চায় শিক্ষা ও চিকিৎসার ন্যায্য অধিকার চায়, চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে চায় এবং কর্মসংস্থানের নিশ্চয়তা চায়, যাতে দুবেলা ঠিকমতো খেয়ে-পরে বাঁচতে পারে।
এস এম শাহজান বলেন, কর্ণফুলী টানেল, ছয় লেনের সড়কসহ নানা উন্নয়ন প্রকল্প দৃশ্যমান হলেও বাস্তবতা হলো এলাকার বহু স্থানে এখনও কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। অথচ যারা দীর্ঘ ১৭ বছর এলাকায় ছিলেন না, তারা এখন ভোটের আগে এসে গল্প শোনাচ্ছেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, আরেকটি পক্ষ এমনভাবে কথা বলছে যেন তারা নিষ্পাপ শিশুর মতো কিন্তু বাস্তবে তাদের মুখে মধু, অন্তরে বিষ। এই দুই পক্ষ থেকেই জনগণকে সতর্ক থাকতে হবে।
সুফিবাদ ও সুন্নিয়তের কথা তুলে ধরে তিনি বলেন, সুফিবাদী সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি বা মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা শান্তিপ্রিয় মানুষ। দেশের শান্তি ও সম্প্রীতির জন্য সুন্নিয়তের প্রতীকে ভোট চাই।
তিনি জানান, আনোয়ারা উপজেলায় প্রায় ৯০ শতাংশ মানুষ সুন্নি মুসলমান এবং এখানে প্রায় ১৩০টি পীর আউলিয়ার মাজার, দরগাহ ও খানকা রয়েছে। শাহ মোছেন আউলিয়া (র.), শাহ আমির (র.), মিয়া হাজী দৌলত (র.), হযরত আহমদ হাসান (র.)সহ অসংখ্য পীর আউলিয়ার স্মৃতিবিজড়িত এই জনপদ।
এস এম শাহজান অভিযোগ করেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা, সুন্নিপন্থি আলেমদের ইমামতি ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এসব অন্যায়ের দাঁতভাঙা জবাব দিতে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক দিন। আপনারাই লিখেছেন চমকের অপেক্ষায় মোমবাতি। আমি বিশ্বাস করি, ইতিহাস গড়বে আনোয়ারা কর্ণফুলীর সুন্নি জনতা। নির্বাচনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।



