গাইবান্ধায় ট্রাক ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, ইজিবাইক চালক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি চলন্ত কার্গোবাহী ট্রাক চাপায় রাজু মিয়া (৪৬) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এতে ইজিবাইকে থাকা আইয়ুব আলী (২৬) নামে এক যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের বাগদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
নিহত রাজু মিয়া উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর গ্রামের মুছা ব্যাপারীর ছেলে। আহত আইয়ুব আলী একই ইউনিয়নের খামারপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি কার্গোবাহী ট্রাক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে চালক রাজু মিয়া কার্গো ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকে থাকা যাত্রী আইয়ুব আলী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন। আহত আইয়ুব আলীকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কার্গো ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছে।



