গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। এসময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
এর আগে একইদিন ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ওসি জানান, ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। পরে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিকানা শনাক্তসহ পুরো ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।



