মীরসরাই এর সংসদ সদস্য সড়ক দুর্ঘটনায় আহত

মুহাম্মদ জুবাইর
কুমিল্লা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ১ মীরসরাই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল আমিন আহত হয়েছেন।আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নেতাকর্মী ও সমর্থকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা গেছে, তিনি মাথা, মুখ, হাত ও কোমরে আঘাত পেয়েছেন।
বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী গণমাধ্যমকে জানান,মঙ্গলবার সকালে একটি ব্যবসায়িক কাজে সংসদ সদস্য নুরুল আমিন কুমিল্লা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় একটি গাড়িকে বাঁচাতে গিয়ে তার ব্যবহৃত গাড়িটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে তিনি মুখ, মাথা ও কোমরে আঘাত পান।
তিনি আরও জানান, প্রথমে তাকে বারইয়ারহাট পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নেওয়া হচ্ছে।
বারইয়ারহাট পৌর সদরের কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন,মঙ্গলবার বেলা ৩টা ৪০ মিনিটে সংসদ সদস্য নুরুল আমিনকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার মুখ, মাথা ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।



