গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি এস এম নজরুল ইসলাম
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের
গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি
মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন
গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার
করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা
শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত টেকেরহাট
এন্টারপ্রাইজের বাস ও মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। তিনি আরও জানান, নিহতদের স্বজনদের পক্ষ
থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।



