বিএনপির হামলায় আহত জীবননগরের জামায়াত নেতা মফিজুর রহমানের ইন্তেকাল: ঢাকায় প্রথম জানাযা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১০ মার্চ:
চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মফিজুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে রাজধানীর কাকরাইলে অবস্থিত অরোরা হাসপাতালে টানা দশদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ বিকেল সোয়া ৩টায় ঢাকায় মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এই জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। জানাযায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
জানাযা শেষে মরহুমের স্বজন এবং চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীরসহ অন্যান্য দায়িত্বশীলরা একটি অ্যাম্বুলেন্সে করে তার লাশ নিয়ে নিজ জেলা চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে পরবর্তী জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
হামলার প্রেক্ষাপট ও ভাইয়ের মৃত্যু: উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগরে ইফতারের পর বিএনপির সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন মফিজুর রহমান। এতে তিনি গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় এনে অরোরা হাসপাতালে ভর্তি করা হয়।
মর্মান্তিক এই ঘটনায় এর আগে একই দিনে (২৮ ফেব্রুয়ারি) সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই শহীদ হন মরহুমের আপন ভাই এবং জামায়াত কর্মী হাফিজুর রহমান। মাত্র দশ দিনের ব্যবধানে দুই ভাইয়ের এমন নির্মম মৃত্যুতে পরিবার এবং স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



