গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) | ০৬ মার্চ ২০২৬
বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামিক মিশন এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাচ্ছিল ‘টেকেরহাট এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস। বাসটি গৌরনদী ইসলামিক মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার শিকার বাস ও মাইক্রোবাসটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।



