গাইবান্ধায় জুয়া খেলার ভিডিও ফেসবুকে, ক্লোজড দুই পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধায় পুলিশের জুয়া খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় গোটা নেট দুনিয়ায় শুরু হয়েছে তোলপাড়। ক্লোজড করা হয়েছে দুই পুলিশ সদস্যকে। সেই সাথে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।
ওই দুই পুলিশ সদস্য হলেন, শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম ও আখতার হোসেন।
২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওটি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি টেবিল ঘিরে কয়েকজন বসে তাস খেলছেন। টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে আছে ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার নোট। মাঝেমধ্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাউকে মানিব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রাখতে এবং তাস নিতে দেখা যায়। সেখানে পুলিশের পোশাক পরা একজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন আজ শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, ফাঁড়িতে কয়েকজন তাস খেলছিলেন। সেখানে বাইরের পুলিশ সদস্যও ছিলেন। তাঁরা টাকা দিয়ে খেলেছেন, যা অপরাধ। ভিডিওতে যাঁদের শনাক্ত করা গেছে, তাঁদের পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনাটিকে গুরুতর অপরাধ উল্লেখ করে গাইবান্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, জুয়াসহ নানা ধরনের অপরাধ দমন করা আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। কিন্তু আইনের রক্ষক হয়ে নিজেরাই আইন ভঙ্গ করলে তা আরও গুরুতর অপরাধ। এতে একটি বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং মানুষের আস্থা কমে যায়।



