আইন-শৃঙ্খলারাজনীতি

সমন্বয়কদের বিরুদ্ধে মামলার অপচেষ্টা: পরাজিত শক্তির সুপরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিশেষ করে সমন্বয়ক আসিফ মাহমুদকে প্রধান আসামি করে এই মামলার যে আবেদন করা হয়েছিল, তা আদালত গ্রহণ না করলেও এই ঘটনাকে ‘পরাজিত শক্তির সুপরিকল্পিত ষড়যন্ত্র’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য ছাত্রনেতাদের বিরুদ্ধে মামলার এমন অপচেষ্টা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়; বরং এটি জুলাই বিপ্লবের মূল চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং এই সংগ্রামের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক হিসেবে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টাই প্রমাণ করে যে, গত ৫ আগস্টের পরাজিত শক্তি এখনো পর্দার আড়ালে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “মামলা কিংবা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করতে অপশক্তি অতীতেও যেমন ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও তেমনি ব্যর্থ হবে। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

এ ধরনের অপচেষ্টা চিরতরে বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পরাজিত অপশক্তিকে রুখতে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button