
স্টাফ রিপোর্টার: পুরান ঢাকা, বংশাল:- আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘এফ.এইচ ফাউন্ডেশন’-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পুরান ঢাকার বংশাল থানাধীন আলো বাজার ১০৭ পুকুর পাড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উদ্বোধন ও আলোচনা সভা:-
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কর্মসূচির উদ্বোধন করেন এফ.এইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তার হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ”বিগত ছয় বছর ধরে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকের এই বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি আমাদের সেই সেবামূলক যাত্রারই একটি অংশ। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের অংশগ্রহণ:-
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংগঠনের কাজের প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ব্যক্তিত্ব মনু মিয়া। তিনি তার বক্তব্যে ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজসেবায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সেন্টু মিয়াসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ।
কর্মসূচির বিবরণ:-
দিনব্যাপী এই কর্মসূচিতে এলাকার অসহায় ও দুস্থ রোগীদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ফাউন্ডেশনের সদস্যরা ভবিষ্যতে আরও বড় পরিসরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।



