বাংলাদেশ

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় চালু হচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: দীপেন দেওয়ান

মোশারফ হোসেন, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দ্রুতই ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ (জলপথের অ্যাম্বুলেন্স) চালু করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাঙামাটিতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।

জেলা স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “আজকের দিনটি পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য খাতের ইতিহাসে একটি মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষিত এই ২৫০ শয্যার হাসপাতাল চালুর মাধ্যমে পাহাড়ের মানুষের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।”

স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে দীপেন দেওয়ান বলেন, ভৌগোলিক প্রতিকূলতার কারণে পার্বত্য অঞ্চলের মানুষ এখনো কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত। তবে বর্তমান সরকার এই বৈষম্য দূর করতে বদ্ধপরিকর। তিনি স্বীকার করেন যে, এই অঞ্চলে চিকিৎসক, নার্স এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির সংকট রয়েছে। এই সংকট নিরসনে তিনি ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা করেছেন এবং তিন পার্বত্য জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস পেয়েছেন।

অনুষ্ঠানে গণপূর্ত ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন হাসপাতাল ভবন এবং প্রস্তাবিত ওয়াটার অ্যাম্বুলেন্স সেবা চালু হলে রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button