রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: র্যাব-৭ ও র্যাব-১১ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপুকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার রাউজান থানা-এর মামলা নং-২১, তারিখ ২৬ এপ্রিল ২০২৬, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০-এর আসামি টিপু দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ০৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আনুমানিক রাত ৭টা ২০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপু (৩২), পিতা করিম প্রকাশ চুনা করিম, সাং রহমতপাড়া, থানা রাউজান, জেলা চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে পরিকল্পিত অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশ-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।



