
মুহাম্মদ জুবাইর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুটি আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর আপাতত সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারছেন না। তাদের করা পৃথক আবেদন নথিভুক্ত করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন। একইসঙ্গে মামলাগুলোর পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য আগামী ৯ জুন দিন ধার্য করা হয়েছে।
আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে এই দুই প্রার্থীর শপথ গ্রহণও স্থগিত রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনেই তারা বেসরকারিভাবে বিজয়ী হন বলে জানা যায়। তবে ঋণখেলাপির অভিযোগকে কেন্দ্র করে তাদের প্রার্থিতা ও নির্বাচনী ফলাফল নিয়ে আইনি জটিলতা তৈরি হয়।
আসলাম চৌধুরীর ক্ষেত্রে মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যায়। পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগে গড়ায় এবং চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করলে তিনি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান এবং পরে বেসরকারিভাবে বিজয়ী হন। তবে তার ক্ষেত্রেও আপিল প্রক্রিয়া চলমান থাকায় ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
আদালত আগামী ৯ জুন পূর্ণাঙ্গ শুনানির দিন নির্ধারণ করেছেন। ওই শুনানির পরই দুই আসনের নির্বাচনী ফলাফল ও প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



