সিএমপি কমিশনারের সাথে চট্টগ্রাম মহানগরী জামায়াত আমীরের সৌজন্য সাক্ষাৎ

দুলাল শিকদার: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। শনিবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত এ সাক্ষাতে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ শিশু ধর্ষণ, নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জনবান্ধব নগরী গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একইসঙ্গে চট্টগ্রাম নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিএমপির গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানার সেক্রেটারি মোস্তাক আহমদ।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চট্টগ্রাম নগরীর শান্তি, শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।



