সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু

মোঃ মোক্তার হোসাইন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে ভগ্নিপতি, শ্যালক ও শালিকা।
নিহতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান, নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকার আকরাম মিয়ার ছেলে গালিব এবং সুরাইয়া আক্তার। তারা সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী এলাকায় অ্যাডভোকেট জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাশেদুজ্জামান তার শ্যালক গালিব ও শালিকা সুরাইয়া আক্তারকে নিয়ে ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর লেকের পানির নিচ থেকে একে একে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।



