অপরাধআইন-শৃঙ্খলাহত্যাকান্ড

চট্টগ্রামে বহুল আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় ঘাতক আবীর আলীর মৃত্যুদণ্ড

দুলাল শিকদার: চট্টগ্রামে আলোচিত শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপহরণের পর পাঁচ বছরের শিশু আয়াতকে নির্মমভাবে হত্যা এবং মরদেহ খণ্ডিত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।

বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ মামলার রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, গত শনিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলাটিতে মোট ৩৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্য পর্যালোচনা শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় নিজ বাসার পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার পর নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আয়াত। নিখোঁজের ঘটনায় পরিবার থানায় অভিযোগ দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে।

তদন্তে বেরিয়ে আসে, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশু আয়াতকে অপহরণ করেন। তবে অপহরণের পর তাকে কোথাও গোপনে রাখার উপযুক্ত স্থান না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে অপরাধ গোপনের উদ্দেশ্যে মরদেহ ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়।

ঘটনার তদন্তকালে ২০২২ সালের ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন সুইচ গেইট এলাকার একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন একই এলাকা থেকে উদ্ধার করা হয় খণ্ডিত মাথা।

নৃশংস এ হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আলোচিত এ মামলায় আদালতের দেওয়া রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আয়াতের পরিবার ও স্বজনরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button