দেশ

রূপগঞ্জে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদানের চেক তুলে দিলেন এমপি

নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থানসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি বরাদ্দের নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চাল ও গম বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) রূপগঞ্জ উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ১৩৩টি প্রকল্পের জন্য প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ অনুমোদন ও প্রদান করা হয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক অবকাঠামো এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এছাড়া উপজেলার খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভুলতা, দাউদপুর, কায়েতপাড়া, গোলাকান্দাইল, মুড়াপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার জন্য ১ লাখ ৪২ হাজার মেট্রিক টন চাল ও ৩২ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করা হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম সচল রাখতে সরকার নিয়মিত সহযোগিতা প্রদান করছে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button