দেশ

চাঁদপুর সদর হাসপাতালে মানসিক ভারসাম্যহীন তরুণীর সুস্থ সন্তান প্রসব

মোঃ রাজন পাটওয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধি: চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল চত্বরে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছিলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী। হাসপাতালের কর্মীরা তাকে একই পোশাকে বিভিন্ন স্থানে ঘুরতে দেখলেও তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। শারীরিক অবস্থা পর্যবেক্ষণের চেষ্টা করা হলেও মানসিক অসুস্থতার কারণে তিনি সহযোগিতা করতে পারেননি।

শুক্রবার রাতে ওই তরুণী হাসপাতালের ভেতরে প্রবেশ করলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করে দ্রুত গাইনি বিভাগে ভর্তি করেন। পরে সেখানেই তিনি একটি সুস্থ নবজাতকের জন্ম দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও নবজাতক দুজনই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে প্রসবের পরও ওই তরুণীর পরিচয়, ঠিকানা কিংবা নবজাতকের পিতার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না।
শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে অবহিত করেছে। মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে তাদের হাসপাতালের একটি কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বক্ষণিক পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, মানবিক দায়িত্ববোধ থেকে মা ও নবজাতককে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কেউ যদি ওই নারীর পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নবজাতকের ভবিষ্যৎ পরিচর্যার বিষয়ে জেলা প্রশাসন ও সমাজসেবার শিশু কল্যাণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে উপযুক্ত পরিবারের কাছে শিশুটিকে লালন-পালনের সুযোগ দেওয়া হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button