অনুসন্ধানঅভিযান

জুলাই গণ-অভ্যুত্থানে আস্থার বার্তা, কুমিল্লায় ঐক্য ও ধৈর্যের আহ্বান এমপি মনিরুল হক চৌধুরীর।

মো: শাহারিয়াঃ

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় আস্থা প্রকাশ করে দেশ গঠন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরি।

মঙ্গলবার বিকেলে কুমিল্লায় “জুলাই গণ-অভ্যুত্থান স্মারক উৎসব” উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছিল, আজ তাদের কাছ থেকেই অনেক বিষয়ে শিক্ষা নিতে হচ্ছে, যা তাঁর কাছে বেদনাদায়ক বাস্তবতা।

তিনি বলেন, দেশ গঠনের জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি তাঁদের বিশ্বাস অত্যন্ত গভীর।

মনিরুল হক চৌধুরি বলেন, দেশের স্বার্থই তাঁর কাছে সর্বাগ্রে। পাশাপাশি কুমিল্লার উন্নয়ন ও পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, কুমিল্লাকে এগিয়ে নিতে তিনি কাজ শুরু করেছেন এবং এ প্রচেষ্টায় দলীয় নেতৃত্বের সহযোগিতা পাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। তিনি জুলাই আন্দোলনে নিহত, আহত ও চিরতরে দৃষ্টিশক্তি হারানো আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানান।

নাজমুল হাসান বলেন, জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদান জাতি স্মরণ রাখবে। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমনে ব্যাপক প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এসব আত্মত্যাগের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের শহিদদের স্মৃতি সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কুমিল্লার শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আন্দোলনের শুরুতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরি, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দীন, জুলাই আন্দোলনে নিহতদের স্বজন, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button