অনুসন্ধানঅভিযান

পারিবারিক শাসনের জেরে প্রাণ গেল ১২ বছরের শিশুর

জেলা প্রতিনিধি | মোঃ রাকিব হোসাইন হৃদয়

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড এলাকায় পারিবারিক শাসনকে কেন্দ্র করে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তায়েব হোসেন স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন আলমগীর ও তাসলিমা বেগম দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয়দের দাবি, খেলাধুলা শেষে বাড়ি ফিরে তায়েব তার মায়ের কাছে খাবার চায়। এ সময় মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগের বশে মা শিশুটির গলা চেপে ধরেন। পরে তায়েবকে অচেতন অবস্থায় দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, সে আর বেঁচে নেই।

একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুর পর পরিবারটি ভেঙে পড়েছে। ঘটনাস্থলে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে রাতেই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button