খুলশীতে কিশোর গ্যাং লিডার বগার তিন সহযোগী গ্রেপ্তার দখলবাজি, অস্ত্র মহড়া ও গ্যাং-সংঘর্ষে উদ্বেগ এলাকাবাসীর

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ওই এলাকার কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন বগার সহযোগী। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. আবদুল হান্নান, মো. মনির হোসেন ওরফে ইমন এবং সাবিহা বেগম। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে আবদুল হান্নান ও মনির হোসেন ইমনের বিরুদ্ধে পাঁচ থেকে ছয়টি করে মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা একাধিক কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রক হিসেবে এলাকায় সু-পরিচিত। তাঁর বিরুদ্ধে অন্তত ১৬টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সম্প্রতি ওয়াকিল নিয়ন্ত্রিত বলে পুলিশের দাবি করা ‘সেভেন স্টার’ গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ ‘ফাইভ স্টার গ্রুপের’ সংঘর্ষে মোহাম্মদ হৃদয় নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়াকিল হোসেন বগার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে সোপর্দ করা হবে।
এদিকে জালালাবাদ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকায় দিন দিন দখলবাজি, ভূমিদস্যুতা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অস্ত্রের মহড়া বাড়ছে। বিভিন্ন পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের আশঙ্কাও তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী বিভিন্ন পক্ষের ছত্রচ্ছায়ায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সাধারণ মানুষ অনেক ক্ষেত্রে আতঙ্কের মধ্যে থাকেন। বিশেষ করে কিশোরদের ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও রয়েছে।
পুলিশ বলছে, এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে কিশোর গ্যাং, অবৈধ অস্ত্র এবং সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



