সুনামগঞ্জে শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট, ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ ব্যক্তি ও যানবাহনকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ধারা ৬(২) অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন। সুনামগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।



