জনদুর্ভোগ

চট্টগ্রামের সুপারি বাগানে পোল্ট্রি খামারের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিকারের দাবি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন সুপারি বাগান এলাকার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পোল্ট্রি মুরগির খামার থেকে ছড়িয়ে পড়া তীব্র দুর্গন্ধ ও পরিবেশদূষণে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খামারের মুরগির বিষ্ঠা, মৃত মুরগি, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও অপসারণ না করার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুপারি বাগান এলাকার আবাসিক অংশে মো. রাসেলসহ কয়েকজন ব্যক্তি পোল্ট্রি মুরগির খামার পরিচালনা করছেন। এসব খামারের বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং নিয়মিত দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দুর্গন্ধের কারণে ঘরের দরজা-জানালা খোলা, স্বাভাবিকভাবে চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম করাও অনেক ক্ষেত্রে কষ্টকর হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি চলতে থাকায় জনস্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।

বাসিন্দারা জানান, খামার পরিচালনাকারীদের বিষয়টি অবহিত করে বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং পরিবেশদূষণ বন্ধের অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে তাঁদের অভিযোগ। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে অনিচ্ছুক এলাকাবাসী শান্তিপূর্ণভাবে সমস্যাটির সমাধান চান।
এ অবস্থায় পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সরেজমিনে তদন্ত ও পরিদর্শনের মাধ্যমে খামারগুলোর পরিবেশগত ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রযোজ্য পরিবেশগত বিধিবিধান অনুসরণের বিষয়টি যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা। আজ ১১অক্টোবর সকালের দিকে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর বরাবর একটি অভিযোগ দায়ের করেন অত্র এলাকার ২ সচেতন নাগরিক।

একই সঙ্গে তদন্তে পরিবেশদূষনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দূষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সুপারি বাগান এলাকার বাসিন্দারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান এবং সুস্থ ও দূষণমুক্ত আবাসিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button