
অনলাইন ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকসহ হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আহত বাংলাদেশিদের চিকিৎসা, নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলায় ভুক্তভোগী ওমরাহ কাফেলার জিম্মাদার মোহাম্মদ আলী কাশেমীর সঙ্গে কথা বলেছেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে গত রাতেও ওমরাহযাত্রীদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় সহযোগিতা করেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরব মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও আবেগের স্থান। দেশটিতে পবিত্র কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক অবস্থিত। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা সমগ্র মুসলিম বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। দেশটির ওপর যেকোনো ধরনের হামলা মুসলিম বিশ্ব মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, এ ধরনের হামলার বিরুদ্ধে মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে এবং সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। বাংলাদেশও এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। পবিত্র ভূমিতে আগত আল্লাহর মেহমানদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরীহ মানুষ ও ওমরাহযাত্রীদের জীবন বিপন্ন করে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধর্মমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের নিরাপত্তা, চিকিৎসা, আবাসন এবং নির্বিঘ্নে পবিত্র মক্কা ও মদিনায় যাতায়াত নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, কোনো বাংলাদেশি নাগরিক যাতে অনাকাঙ্ক্ষিত ভোগান্তির শিকার না হন এবং সবাই নিরাপদে ও নির্বিঘ্নে ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর মেহমানদের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। এ বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে বাংলাদেশ সরকার রয়েছে উল্লেখ করে তিনি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও জানান, সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আহত বাংলাদেশিদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশটিতে অবস্থানরত অন্য বাংলাদেশি নাগরিক ও ওমরাহযাত্রীদের পরিস্থিতিও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ওমরাহযাত্রীদের চিকিৎসা সহায়তা, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় সৌদি আরব সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ সরকার সৌদি আরবের সরকার ও জনগণের পাশে থাকবে। দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।



