ভোলার চরফ্যাশনে প্রধান শিক্ষকের ওপর সাবেক শিক্ষকের অতর্কিত হামলা

অনলাইন ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়েছে। এ ঘটনায় প্রধান শিক্ষককে রক্তাক্ত জখম করার পাশাপাশি নগদ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানেরই বরখাস্ত হওয়া সাবেক শিক্ষক মোহাম্মদ নাজিমুদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত নাজিমুদ্দিন, সহযোগী সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে দুলারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষকতার প্রয়োজনীয় যোগ্যতা ও বিধিসম্মত শর্ত পূরণ না করায় মোহাম্মদ নাজিমুদ্দিনের বিরুদ্ধে পূর্বে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর সকালে অভিযুক্ত নাজিমুদ্দিনের স্ত্রী ও তাঁর সহযোগীরা বেআইনিভাবে বিদ্যালয়ে প্রবেশ করে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন করেন। এতে ওই দিন বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। উক্ত ঘটনায় গত ৫ অক্টোবর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল বিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের দাপ্তরিক কাজ শেষে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। পথিমধ্যে নুরাবাদ বাজার সড়কে পৌঁছালে নাজিমুদ্দিন ও তাঁর সহযোগীরা তাঁদের পথরোধ করে।
বাইক থামানোর সঙ্গে সঙ্গে হামলাকারীরা লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে প্রধান শিক্ষকের মাথা ও মুখমণ্ডল লক্ষ্য করে এলাপাতাড়ি আঘাত করে। এতে তাঁর মাথা ও নাক ফেটে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হামলাকারীরা তাঁর সাথে থাকা নগদ টাকা, জরুরি দাপ্তরিক কাগজপত্র এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে স্থান ত্যাগ করে।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক ও রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষক মিজানুর রহমানকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত প্রধান শিক্ষক মিজানুর রহমান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুলারহাট থানা পুলিশ জানায়, ভুক্তভোগীর আবেদনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



