‘গোপালগঞ্জের নাম পরিবর্তনের উপযুক্ত সময় এসেছে!’ চাঁদপুরে যুবদলের সমাবেশে বিস্ফোরক মন্তব্য সলিম উল্যা সেলিমের

মো: রাজন পাটওয়ারী (চাঁদপুর প্রতিনিধি): নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শহরের জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি কখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি। দলের চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবরণ করলেও দেশ ছেড়ে যাননি। বিএনপি মাটি ও মানুষের দল, এ দলের নেতাকর্মীরা কোনো অন্যায়ের কাছে মাথানত করে না।
তিনি আরও বলেন, একসময় বেগম খালেদা জিয়া বলেছিলেন, গোপালগঞ্জের আর গোপাল থাকবে না। এখন গোপালগঞ্জের নাম পরিবর্তনের উপযুক্ত সময় এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো অপশক্তিকে ভয় পান না। চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনের জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বের সমন্বয়ে জেলাকে আওয়ামী লীগমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সলিম উল্যা সেলিম বলেন, চাঁদপুর একটি শান্তিপূর্ণ শহর। এখানে কোনো ধরনের অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা নৈরাজ্য বরদাশত করা হবে না। বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে কেউ সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবেন।
জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশনসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহসভাপতি ডি এম শাহাজাহান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।
এ ছাড়া জেলা, সদর, পৌরসভা, ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ১৫টি ওয়ার্ড পর্যায়ের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।



