দেশ

বোয়ালমারীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা

মহাব্বত মুন্সী (বোয়ালমারী প্রতিনিধি): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ব্যাংক ভবনের ছাদ ঢালু হওয়ায় বোমাটি গড়িয়ে নিচে পড়ে যায়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ব্যাংকটির শাখা কোড নম্বর ৮৩৪-০৩৯১।

জানা যায়, রাতে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী হাফিজুর শেখ পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি টের পেয়ে দ্রুত পাশের কক্ষে থাকা শাখা ব্যবস্থাপক শামছুল ইসলামকে জানান। ব্যবস্থাপক জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আগে থেকেই আশপাশের ১০টি বাড়ির বাসিন্দাদের মোবাইল নম্বর সংরক্ষণ করে রেখেছিলেন। খবর পাওয়ার পরপরই তিনি স্থানীয়দের ফোন করে বিষয়টি জানান। একই সঙ্গে জয়নগর পুলিশ ফাঁড়িতেও খবর দেওয়া হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন এবং জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

ব্যাংক ভবনের ছাদ ঢালু হওয়ায় পেট্রোল বোমাটি গড়িয়ে নিচে পড়ে যায়। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা থেকে রক্ষা পায় গ্রামীণ ব্যাংকের শাখাটি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সঙ্গে ব্যাংকের শাখা ব্যবস্থাপককে আশ্বস্ত করে তাঁরা বলেন, ‘চিন্তা করবেন না স্যার, এই প্রতিষ্ঠান আমাদের। আমরাই পাহারা দেব, ইনশাআল্লাহ।’

এদিকে, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button