আকবর শাহ ফয়ে’স লেক এলাকায় প্রশাসনের নাকের ডগায় পাহাড়খেকো নুরুসফার তাণ্ডব

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের আকবর শাহ থানাধীন পোড়া কলোনির শেষ প্রান্তে, ফয়’স লেক চিড়িয়াখানার বিপরীতে প্রকাশ্যে চলছে বিশাল পাহাড় কাটার অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, নুরুসফা নামের এক ব্যক্তি ২০০ ফুটেরও বেশি উঁচু একটি পাহাড় কেটে সমতল করার কাজে জড়িত। দিনমজুর নিয়োগ করে দীর্ঘদিন ধরে এই পাহাড় কাটার কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিশাল পাহাড়ের একটি অংশ কেটে সমতল করা হয়েছে। প্রতিবেদক সরাসরি ভিডিও ধারণ করতে গেলে পাহাড় কাটার কাজে নিয়োজিত দিনমজুররা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। প্রশ্ন উঠেছে, দিনের আলোয় ও রাতের আঁধারে এমন প্রকাশ্য পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর নজরদারি কোথায়? এ বিষয়ে অভিযুক্ত নুরুসফার বক্তব্য জানতে চাইলে তিনি দাবি করেন, পাহাড়টি একসময় ভেঙে পড়েছিল এবং বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছিল। তবে সরেজমিনে প্রতিবেদকের পর্যবেক্ষণে পাহাড়ের বিস্তীর্ণ অংশ কেটে সমতল করার চিত্র দেখা যায়। আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য প্রতিবেদকের প্রশ্নের জবাবে নুরুসফা প্রথমে নিজেকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন বলে স্বীকার করেন।
পরবর্তী প্রশ্নে উত্তেজিত হয়ে তিনি বলেন, তিনি আওয়ামী লীগের কর্মী নন; বরং ফয়’স লেকের আব্দুল হামিদ সড়ক মালিক কল্যাণ সমিতির সভাপতি। স্থানীয় কয়েকজনের অভিযোগ, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।
বিএনপির অঙ্গসংগঠনের দুই কর্মীও তাঁর বিরুদ্ধে অতীতে আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তুলেছেন। তাঁদের আরও দাবি, সরকার পরিবর্তনের পর বর্তমানে কিছু বিএনপি নেতাকর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। প্রতিবেদকের সঙ্গে কথা বলার একপর্যায়ে নুরুসফা বিকেলে বসে চা খাওয়ার আমন্ত্রণও জানান। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মুক্তাদির তন্ময় বলেন অভিযোগ পেয়েছি, ব্যবস্থা নেওয়া হচ্ছে , তিন আরো বলেন পাহাড় কাটার “আমরা অভিযোগ পেয়েছি এবং আপাতত পাহাড় কাটা বন্ধ আছে। আমরা দ্রুত পদক্ষেপ ও আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ”তবে প্রশ্ন থেকেই যায়-অভিযোগ পাওয়ার পরও কীভাবে পাহাড়ের এত বড় অংশ কেটে ফেলা হলো? কারা এই কর্মকাণ্ডের পেছনে রয়েছে? পাহাড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু? সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনের কাছে জনতার প্রশ্ন, পাহাড় রক্ষার দায়িত্ব কার?পাহাড় কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ হিসেবে ইচ্ছামতো কেটে ফেলার বিষয় নয়। পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করে পাহাড় সমতল করার অভিযোগ অত্যন্ত গুরুতর। এর সঙ্গে জড়িত যে-ই হোক, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব কোনোভাবেই আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ দিতে পারে না। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রকৃত চিত্র নিরূপণ, প্রয়োজনীয় তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং প্রচলিত পরিবেশ আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। পাহাড় কাটা বন্ধের আশ্বাসই কি যথেষ্ট, নাকি অপরাধীদের আইনের আওতায় আনারও দায়িত্ব রয়েছে প্রশাসনের?



