ফকিরহাটের ফলতিতা বাজার থেকে ১১টি বন্য পাখি উদ্ধার, পরে অবমুক্ত

অপরাধ বিচিএা ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার থেকে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা ১১টি বন্য পাখি উদ্ধার করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার যৌথ অভিযানিক দল।
গত ২৩ নভেম্বর ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজার থেকে ১০টি কালকুচ ও ১টি কালিম পাখি উদ্ধার করা হয়। বন বিভাগের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পাখি বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে যায়।
পরে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে অবমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার জনাব রামকৃষ্ণ ঘোষ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনার রেঞ্জ কর্মকর্তা ও ওয়াইল্ডলাইফ রেঞ্জার জনাব মুহাম্মদ ইসমাইল হোসাইন।
উল্লেখ্য, এর আগে গত ১৭ নভেম্বর একই ফলতিতা বাজারে বন্য পাখি শিকার, ক্রয়-বিক্রয় ও পাচার বন্ধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছিল। এর কয়েক দিনের ব্যবধানে পুনরায় অভিযান চালিয়ে বন্য পাখি উদ্ধার করা হলো।



